৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

বিশ্বকাপে ২৮ বছর পর ফিরে এসে দারুণ সূচনা করেছে স্কটল্যান্ড। সকালে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইউরোপের দেশটি। রোববার ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে জন ম্যাকগিনের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্কটিশরা।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড। অন্যদিকে ১৯৭৪ সালের পর, দীর্ঘ ৫২ বছর বিরতি শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরে হাইতি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে স্কটল্যান্ড।

ম্যাচের ২৮তম মিনিটে আসে নির্ণায়ক গোলটি। চে অ্যাডামসের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিডের গায়ে লেগে ফিরে এলে ১৩ গজ দূর থেকে শট নেন জন ম্যাকগিন। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এটাই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে।

এর আগে ১৭তম মিনিটে ব্যবধান গড়ার ভালো সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। অধিনায়ক স্কট ম্যাকটমিনের শট পোস্টের ওপরের অংশে লেগে বাইরে চলে যায়। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে হাইতি। ৭৪তম মিনিটে রুবেন প্রভিডেন্সের ক্রস থেকে উইলসন ইসিডর গোল করতে ব্যর্থ হন। পরে ৮৪তম মিনিটে ফ্রান্টজডি পিয়েরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এই জয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে প্রথমবার জয় পেল স্কটল্যান্ড। সর্বশেষ তারা সুইডেনকে ২-১ গোলে হারিয়েছিল। দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপের বাইরে থাকার পর ফিরে এসে জয় দিয়ে অভিযান শুরু করায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্কটিশ শিবির।

অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় ‘সি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। এক পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো ও ব্রাজিল। কোনো পয়েন্ট না পাওয়ায় চতুর্থ স্থানে রয়েছে হাইতি।

আগামী ২০ জুন জিলেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। একই দিনে ফিলাডেলফিয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে হাইতি।