আপনার ল্যাপটপ কি অতিরিক্ত গরম হচ্ছে? জেনে নিন সমাধান

তীব্র গরমে শুধু মানুষই নয়, ইলেকট্রনিক যন্ত্রপাতিও ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে দীর্ঘ সময় ব্যবহারে ল্যাপটপের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এতে ডিভাইসের কর্মক্ষমতা কমে যাওয়া, ব্যাটারির আয়ু হ্রাস পাওয়া এবং হার্ডওয়্যারের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই ল্যাপটপকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ রাখুন

একসঙ্গে অনেক অ্যাপ বা সফটওয়্যার চালু থাকলে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ল্যাপটপ দ্রুত গরম হয়ে যায়। তাই ব্যবহার না করা প্রোগ্রামগুলো বন্ধ রাখাই ভালো।

ড্রাইভার ও সিস্টেম আপডেট করুন

পুরোনো বা ত্রুটিযুক্ত ড্রাইভারের কারণে অনেক সময় ল্যাপটপ স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়। তাই নিয়মিত সিস্টেম ও ড্রাইভার হালনাগাদ করা প্রয়োজন। নতুন আপডেট থাকলে দ্রুত ইনস্টল করে নেওয়া উচিত।

জাঙ্ক ফাইল মুছে ফেলুন

অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশ মেমোরি ও অব্যবহৃত অ্যাপ সিস্টেমের গতি কমিয়ে দেয়। এতে ডিভাইসকে বেশি কাজ করতে হয় এবং তাপমাত্রা বেড়ে যায়। নিয়মিত জাঙ্ক ফাইল পরিষ্কার করলে কর্মক্ষমতা বাড়ে এবং তাপও কমে।

বাতাস চলাচলের পথ খোলা রাখুন

ল্যাপটপের ভেন্ট বা বাতাস চলাচলের ছিদ্রে ধুলো জমলে ভেতরের গরম বাতাস বের হতে পারে না। ফলে ডিভাইস দ্রুত গরম হয়ে যায়। নিয়মিত পরিষ্কার করলে কুলিং সিস্টেম কার্যকর থাকে। পাশাপাশি বিছানা, বালিশ বা নরম জায়গায় ল্যাপটপ ব্যবহার না করাই ভালো, কারণ এতে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়।

প্রয়োজনে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করুন

ভুল সফটওয়্যার বা ত্রুটিপূর্ণ ড্রাইভারের কারণে জটিল সমস্যা দেখা দিলে পুরো অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করা কার্যকর সমাধান হতে পারে। এতে অনেক অদৃশ্য সফটওয়্যারজনিত ত্রুটি দূর হয়।

ব্যাটারি ও চার্জার পরীক্ষা করুন

ত্রুটিযুক্ত ব্যাটারি বা চার্জারও অতিরিক্ত তাপের কারণ হতে পারে। চার্জ দেওয়ার সময় অস্বাভাবিক গরম হলে দ্রুত পরীক্ষা করানো উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচেতন ব্যবহার ল্যাপটপের আয়ু বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও কমায়। দীর্ঘ সময় ব্যবহারের পরও যদি ডিভাইস অস্বাভাবিকভাবে গরম হতে থাকে, তাহলে দ্রুত কোনো অভিজ্ঞ প্রযুক্তিবিদের পরামর্শ নেওয়া উচিত।