বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোর জনসংখ্যাগত পরিবর্তন নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ সংক্রান্ত মন্তব্যের পর এ বিষয়ে অনুসন্ধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সীমান্ত এলাকার পাশাপাশি দেশের বড় শহরগুলোর জনসংখ্যার ধরণ, অভিবাসন প্রবণতা এবং সম্ভাব্য নিরাপত্তাগত প্রভাবও পর্যবেক্ষণ করবে এই কমিটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সীমান্তবর্তী জেলা ও প্রধান নগরকেন্দ্রগুলোতে দ্রুত পরিবর্তিত জনসংখ্যাগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। গত বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কয়েকটি অঞ্চলে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই বিষয়টি সরকারের বিশেষ নজরে আসে।
কেন্দ্রীয় সরকারের মতে, জনসংখ্যাগত পরিবর্তন কেবল জনসংখ্যার পরিসংখ্যানগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, সামাজিক ভারসাম্য এবং প্রশাসনিক পরিকল্পনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ প্রেক্ষাপটে গত ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।
সরকারি সূত্র জানায়, কমিটি ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নগরকেন্দ্রের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে গবেষণা করবে। এক বছরের মধ্যে তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে কমিটির অগ্রগতি এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি ইতোমধ্যে প্রথম বৈঠক সম্পন্ন করেছে এবং একটি বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে।
আগামী মাসগুলোতে কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করবেন। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের পর সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে।
জনসংখ্যাগত পরিবর্তন কী?
কোনও অঞ্চলের জনসংখ্যার গঠন, বণ্টন বা কাঠামোয় পরিবর্তনকে জনসংখ্যাগত পরিবর্তন বলা হয়। জন্মহার, মৃত্যুহার, কর্মসংস্থানের সুযোগ, অভিবাসন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মতো স্বাভাবিক কারণেই সাধারণত এ ধরনের পরিবর্তন ঘটে।
তবে মোদি সরকারের নজর মূলত তথাকথিত ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’-এর দিকে। সরকারের ধারণা, অবৈধ অনুপ্রবেশ, অনিয়ন্ত্রিত অভিবাসন বা অন্য কোনও অস্বাভাবিক কারণ জনসংখ্যার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
ভারতীয় কর্মকর্তাদের মতে, এ ধরনের পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো, সম্পদের বণ্টন, প্রশাসনিক কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। তাই এসব উদ্বেগের বাস্তব ভিত্তি রয়েছে কি না, তা তথ্য-প্রমাণের আলোকে যাচাই করবে কমিটি।
সীমান্ত ও নগরাঞ্চল পর্যবেক্ষণে গুরুত্ব
কমিটির কাজের একটি বড় অংশজুড়ে থাকবে ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলো। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দল এসব অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যার গঠনে পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।
বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এ ইস্যু নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। সরেজমিন পরিদর্শনের সময় কমিটি স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।
এ ছাড়া জনগণনার তথ্য, ভোটার তালিকা, অভিবাসনসংক্রান্ত নথি এবং সরকারি ডেটাবেস বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতির মূল্যায়ন করা হবে।
তবে কমিটির কার্যক্রম শুধু সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, গুরুগ্রাম, আহমেদাবাদ ও পুনের মতো প্রধান নগর ও শিল্পকেন্দ্রও গবেষণার আওতায় থাকবে।
এসব শহরে দেশি-বিদেশি বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটে। ফলে বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসনের প্রবণতা বিশ্লেষণ করা হতে পারে। সরকারি সূত্রের মতে, দ্রুত নগরায়ণ ও অনিয়ন্ত্রিত অভিবাসন কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, জনসেবা এবং অবকাঠামোর ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে।
জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বিষয়টিকে কেবল জনসংখ্যাগত গবেষণার বিষয় হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপটে বিবেচনা করছে। অতীতে নিরাপত্তা সংস্থাগুলো অবৈধ অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র ব্যবহার, ভোটার তালিকায় অননুমোদিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং সংবেদনশীল এলাকায় সংঘবদ্ধ বসতি স্থাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জনসংখ্যাগত বড় পরিবর্তনের কারণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা জাতীয় স্বার্থ ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
কমিটির মূল দায়িত্ব
উচ্চপর্যায়ের এই কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—
সীমান্তবর্তী জেলাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ;
সম্ভাব্য অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের ঘটনা পর্যালোচনা;
মহানগর ও শিল্পাঞ্চলে জনসংখ্যার চাপ মূল্যায়ন;
স্থানীয় সম্পদ ও কর্মসংস্থানের ওপর প্রভাব নিরূপণ;
ভবিষ্যৎ প্রশাসনিক নীতিনির্ধারণের জন্য সুপারিশ প্রণয়ন।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার, নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মতামতও সংগ্রহ করবে কমিটি।
সূত্র: ইন্ডিয়া টুডে





