ইউফ্রেটিস নদীর উৎপত্তি নিয়ে দীর্ঘদিনের রহস্যের অবসান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ইউফ্রেটিসের উৎপত্তি নিয়ে দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটিয়েছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, লাখ লাখ বছর আগে পূর্ব আনাতোলিয়ার টেকটোনিক বা ভূত্বকীয় পরিবর্তনের ফলে একাধিক প্রাচীন নদী ব্যবস্থা একত্রিত হয়ে আধুনিক ইউফ্রেটিস নদীর সৃষ্টি হয়।

গবেষণা অনুযায়ী, প্রায় ৩৬ লাখ থেকে ১৬ লাখ বছর আগে দক্ষিণ-পূর্ব তুরস্কের টরাস পর্বতমালার ভূতাত্ত্বিক আন্দোলনের কারণে কারাসু ও মুরাত নদীর প্রাচীন প্রবাহ একত্রিত হয়ে শক্তিশালী একক নদী ব্যবস্থায় রূপ নেয়। বর্তমানে প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ ইউফ্রেটিস তুরস্ক থেকে সিরিয়া হয়ে ইরাকের মধ্য দিয়ে পারস্য উপসাগরে পতিত হয়।

ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকা মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত। মেসোপটেমিয়ার এই উর্বর অঞ্চলে গড়ে উঠেছিল উর, ব্যাবিলন ও মারির মতো প্রাচীন নগরী এবং এখানেই জন্ম নেয় কৃষিভিত্তিক সমাজ ও কিউনিফর্ম লিখন পদ্ধতি।

গবেষকরা সিসমিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ শিলাস্তরের মানচিত্র তৈরি করে প্রাচীন নদীপথ শনাক্ত করেন। সমুদ্রতলের নিচে পাওয়া তথ্য থেকে জানা যায়, প্রায় ৫০ লাখ বছর আগে এই অঞ্চলে নদীর প্রবাহ বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং পরবর্তীতে টেকটোনিক পরিবর্তনের কারণে এর গতিপথ পরিবর্তিত হয়।

বিজ্ঞানীদের মতে, এই ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে প্রাচীন দুটি নদী একত্রিত হয়ে আধুনিক ইউফ্রেটিস গড়ে ওঠে, যা পরবর্তীতে মেসোপটেমিয়ার সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার জিওসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর গতিপথও ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে—ইউফ্রেটিস তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

গবেষকরা আরও জানান, একই ধরনের টেকটোনিক পরিবর্তনের কারণে অ্যামাজন নদীর প্রবাহও ইতিহাসে একসময় সম্পূর্ণ ভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়েছিল, যা পৃথিবীর নদী ব্যবস্থার বিবর্তনকে আরও জটিল ও বৈচিত্র্যময় করে তোলে।