প্রায় এক মাসের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি অল্প ব্যবধানে বামপন্থী প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজকে পরাজিত করেছেন।
পেরুর নির্বাচনী আদালত অনুমোদিত ফলাফলে দেখা যায়, গত ৭ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফার (রানঅফ) নির্বাচনে ৫১ বছর বয়সী কেইকো ফুজিমোরি ৫০ দশমিক ১৩৫ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে, ৫৭ বছর বয়সী রবার্তো সানচেজ পেয়েছেন ৪৯ দশমিক ৮৬৫ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৫০ হাজারেরও কম।
এ নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে অবশেষে জয় পেলেন কেইকো ফুজিমোরি। তিনি সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা। নির্বাচনী প্রচারণায় তিনি সংগঠিত অপরাধ, চাঁদাবাজি ও সহিংসতা দমনে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন।
ফল ঘোষণার পর কেইকো ফুজিমোরি বলেন, “আমি দায়িত্ব, বিনয় এবং গভীর কর্তব্যবোধ নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, “ক্ষমতা হস্তান্তরের প্রতিটি দিন জনগণের কথা শোনা, সংলাপ চালিয়ে যাওয়া এবং নতুন সরকারের জন্য প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ।”
নির্বাচনী প্রচারণায় সাবেক বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সানচেজ ব্যাপক অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংগঠিত অপরাধ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ছিল ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়। এসব ইস্যুকে সামনে রেখেই ফুজিমোরি জনসমর্থন আদায় করতে সক্ষম হন।





