বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিট ৪০ সেকেন্ডে ডেকলান রাইসের অসাধারণ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা।
মাঝমাঠে ফ্রান্সের ডেজিরে দুয়ের ভুল পাস কেড়ে নেন রাইস। এরপর বল নিয়ে বেশ কিছুটা এগিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান আর্সেনালের এই মিডফিল্ডার। গোলরক্ষক মাইক মেনিয়াঁর কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর।
ম্যাচ শুরুর আগেই দুই দলই একাদশে চমক দেখায়। ফ্রান্সের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় চমক, শুরুর একাদশে নেই অধিনায়ক হ্যারি কেইন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। ফলে তৃতীয় স্থান নিশ্চিত করতে জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য দুই দলের।





