করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলশি।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সনদ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও সাহেদের মূল কার্যালয় সিলগালা করে দেয় র্যাব। ওই দিনই উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ১৫ জুলাই ভোরে বোরকা পরে ভারতে পালানোর সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল, যার মধ্যে ৫টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।





