বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন হয়েছে। তবে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।

অন্যদিকে আগস্টে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার (আগাম) বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনডা-র জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তের ভূরাজনৈতিক উত্তেজনা সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক স্থবিরতা ও মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হলে স্বর্ণবাজারে চাপ তৈরি হতে পারে। তার মতে, প্রতি আউন্স ৩ হাজার ৮৮৬ ডলার একটি গুরুত্বপূর্ণ মূল্যস্তর। এর নিচে নেমে গেলে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম:

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।