ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরালের পর থেকেই আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এখন কোথায় আছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দল থেকে বহিষ্কারের পরও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারছেন না ঘনিষ্ঠজন কিংবা দলীয় নেতারা।
গাজী নজরুল ইসলামের দুই নিকটাত্মীয় জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি কারও সঙ্গে যোগাযোগ রাখছেন না। এমনকি তার ঘনিষ্ঠ অনেক মানুষও জানেন না, তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন।
নাম প্রকাশ না করার শর্তে গাজী নজরুলের এক নিকটাত্মীয় বার্তা২৪.কম কে বলেন, উনি এখন কোথায় আছেন তা আমরা জানিনা। আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তার পরিবারের সদস্যরাও কিছু বলতে চাননা। উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন বন্ধ পেয়েছি।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে আমদের কোনো যোগাযোগ হয়নি। তবে তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
গাজী নজরুল ইসলামের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি কোথায় আছেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি নিজের মতো করে কোনো একটি স্থানে আছেন।
এর আগে, গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ভিডিওর বিভিন্ন অংশে তাকে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হয়।
ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানে ভিডিওটি বাস্তব ফুটেজ বলে দাবি করা হয়।
গাজী নজরুল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে ওই নারীর পরিচয় ও ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়।
এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, ভিডিও বিতর্কের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তদন্ত রিপোর্ট সাপেক্ষে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় গত বুধবার সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেয় দলটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বার্তা২৪.কম কে বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠিন করেছিলাম। তদন্ত কমিটি গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে একটি রিপোর্ট আমাদেরকে দিয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করে নির্বাহী কমিটি তার নৈতক স্খলনের প্রমাণ পেয়েছে। সেই প্রেক্ষিতে সংগঠনের নীতিমালা অনুযায়ী তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে বহিস্কারের পর এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি গাজী নজরুল ইসলাম। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন এই ভিডিওতেও তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা ওই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওটি একটি হোটেলের সিসিটিভি ফুটেজ বলে দাবি করা হচ্ছে। এতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করেন এবং কাউন্টারে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর এক তরুণী সেখানে এসে তার পাশে দাঁড়ান। পরে তারা দুজন একসঙ্গে কক্ষের দিকে চলে যান।
তবে নতুন ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, ঘটনাস্থল কোথায় এবং ভিডিওতে থাকা নারী কে, এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট কারও কোনো বক্তব্যও পাওয়া যায়নি।





