দীর্ঘ বিরতির পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।

সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা রুটটির প্রতি যাত্রীদের আগ্রহের প্রমাণ। বিশেষ করে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হওয়া দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনসম্পর্কের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই এ রুট চালু করা হয়েছে। ভবিষ্যতে যাত্রীচাহিদা বাড়লে বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।