ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব

বর্তমানে ছয় মাস পর পর ঘোষিত মুদ্রানীতি ভবিষ্যতে তিন মাস অন্তর বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশের প্রস্তাব উঠেছে সংসদীয় কমিটিতে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

রোববার (২৭ জুলাই) জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত ছয় মাসের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব দেন। জবাবে গভর্নর বলেন, নিয়মিত তিন মাস পর পর মুদ্রানীতি পর্যালোচনা ও ঘোষণা করা হলে তা অর্থনীতির জন্য আরও কার্যকর হতে পারে।

বৈঠকে দেশের দীর্ঘমেয়াদি মুদ্রানীতির দিকনির্দেশনাও উঠে আসে। বাংলাদেশ ব্যাংক জানায়, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে সুদের হারভিত্তিক নীতির পরিবর্তে ধীরে ধীরে মূল্যস্ফীতি-লক্ষ্যভিত্তিক মুদ্রানীতির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের আইন আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া ইসলামি ব্যাংকিং খাত নিয়েও আলোচনা হয়। সংসদ সদস্য সাইফুল আলম ইসলামি ব্যাংকিংয়ে কঠোর নজরদারির আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন হয়েছে। এর জবাবে গভর্নর জানান, দেশে ইসলামি ব্যাংকিংয়ের চাহিদা ক্রমেই বাড়ছে এবং সেই চাহিদা পূরণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সুপারিশ ঘোষণা করা হয়নি।