গলফ জয়ের পর প্রতিপক্ষকে খোঁচা ট্রাম্পের, বললেন ‘ট্যালেন্ট আমার আছে, ওদের নেই’

নিজের মালিকানাধীন নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে আরও দুটি ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রফি জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষকে কটাক্ষ করে মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, তিনি ৭০ স্কোরে, অর্থাৎ পার স্কোরের চেয়ে দুই শট কম খেলে ‘সিনিয়র’ ও ‘সুপার সিনিয়র’—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন।

পোস্টে ৮০ বছর বয়সী ট্রাম্প লেখেন, “আমি অন্যদের মতো বেশি অনুশীলনের সুযোগ পাই না। কারণ আমাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হয়। তবুও জিতেছি, কারণ আমার ট্যালেন্ট আছে, যা ওদের নেই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্পের বেডমিনস্টার গলফ কোর্সে খেলা একটি শটও তুলে ধরা হয়, যেটিকে তার ‘জয়সূচক শট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের দাবি, এটি তার ক্যারিয়ারের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা। এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও নিজের গলফ ক্লাবে শিরোপা জয়ের দাবি করেছিলেন তিনি।

তবে তার এই সাফল্য ঘিরে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। সাবেক গলফ খেলোয়াড় ও ক্রীড়া বিশ্লেষকদের অনেকে অতীতেও ট্রাম্পের বিরুদ্ধে গলফ খেলায় প্রতারণার অভিযোগ তুলেছেন।

ক্রীড়া লেখক রিক রাইলি ট্রাম্পের গলফ খেলার বিভিন্ন বিতর্ক নিয়ে ‘কমান্ডার ইন চিট’ নামে একটি বই লিখেছেন। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে খেলার সময় নিয়মবহির্ভূত সুবিধা নেওয়ার বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামও একসময় ট্রাম্পের গলফ ক্যাডির মাধ্যমে বল এগিয়ে দেওয়ার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন।