ঢাকা কলেজে পোস্টার টাঙানো ঘিরে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ

ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রশিবিরের দাবি, তাদের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন, অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, শিবির পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার পোস্টার লাগানোর সময় গ্যালারি-০২-এর সামনে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়। শিবিরের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাঁকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসের মূল ফটক ও আবাসিক হল এলাকায় অবস্থান নেন এবং অডিটোরিয়ামের সামনে পুনরায় শিবিরের সাথে সংঘর্ষে জড়ান। এ সময় পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকদের ভিডিও ফুটেজ ধারণে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার স্থান থেকে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জানান, ছাত্রশিবির সুপরিকল্পিতভাবে তাদের কর্মীদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ‘শিবিরের সন্ত্রাস’ প্রতিহত করতেই তারা অবস্থান নিয়েছেন বলে তিনি দাবি করেন। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।