অবসরের ভাবনা নয়, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের অবসর নিয়ে জল্পনা চললেও আপাতত বুট তুলে রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে আর কতদিন পেশাদার ফুটবল খেলবেন, সে বিষয়েও নিশ্চিত নন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

সম্প্রতি সাও পাওলোতে তার দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র আয়োজিত এক বিশেষ নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, দুই মেয়ে মেল ও মাভি, ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোস উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, বর্তমানে অবসর নিয়ে তিনি ভাবছেন না। বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে এবং এই সময়টুকু ক্লাবের হয়ে সর্বোচ্চটা দেওয়াই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, চুক্তি শেষ হওয়ার পর কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। সান্তোসেই থাকবেন, অন্য কোনো ক্লাবে যোগ দেবেন, নাকি অবসর নেবেন—এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

নেইমার আরও জানান, তিনি এখন শারীরিকভাবে নিজেকে পুরোপুরি ফিট অনুভব করছেন এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে প্রস্তুত। কোচ সুযোগ দিলেই মাঠে নামতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ভবিষ্যতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্নের মুখে পড়েন নেইমার। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই। তবে সম্প্রতি তার বাবা বলেছিলেন, চার বছরে অনেক কিছুই বদলে যেতে পারে।

এ প্রসঙ্গে হাস্যরসের সুরে নেইমার বলেন, “হতে তো পারে! কিন্তু মাঠে তো আর বাবা দৌড়াবেন না, খেলতে হবে আমাকে।”