জুলাইয়ের শুরু থেকেই আমরা প্রকাশ্যে রাজপথে ছিলাম: ফয়জুল করীম

জুলাই আন্দোলনের শুরু থেকেই প্রকাশ্যে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বুধবার (০৫ আগস্ট) নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বিএনপি ও জামায়াত এই আন্দোলনে ছিল না। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর যে যার মতো নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সঙ্গে আঁতাত বা কন্ট্রাক্ট করে আন্দোলন করেনি। রাজপথে থেকে সশরীরে আন্দোলন করেছে। সবার বাঁচার পথ থাকলেও আমাদের বাঁচার পথ ছিল না।

তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের কোনো বিবৃতি বা অংশগ্রহণ ছিল না। তারেক রহমান তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব বলেছেন, আন্দোলন আমাদের না। জুলাই বিপ্লবের আগে এ দেশের মানুষ শফিক সাহেবকে ভালোভাবে চিনতই না। যদি আন্দোলন সার্থক না হতো তাহলে তাদের বের হওয়ার অনেক জায়গা ছিল। এরা আওয়ামী লীগকে বলত আমরা এর সঙ্গে সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম।

ফয়জুল করীম বলেন, আজকে অনেকে রাজা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। মন্ত্রী হয়ে ক্ষমতায় গিয়েছেন। আমরা রাস্তায়, ট্যাংকের সামনে ছিলাম। ফাঁসির রশির তোয়াক্কা না করে দেশ, ইসলাম, মানুষের বৈষম্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে।

সমাবেশ শেষে নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।