ব্রাজিলের রিও ডি জেনিরোতে পর্যটকদের নিয়ে উড়তে থাকা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন কলম্বীয় নারী রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) শহরের জনপ্রিয় পর্যটন এলাকা তিজুকা ন্যাশনাল পার্কের পাহাড়ি জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে।
দেশটিতে নিযুক্ত কলম্বিয়ার কনসালের এক বিবৃতি অনুসারে, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।
শনিবারের এই দুর্ঘটনায় একজন পাইলট এবং একই পরিবারের সদস্য তিনজন কলম্বিয়ান নারী নিহত হন।
জানা গেছে, তারা শহরের উপকণ্ঠে অবস্থিত ঘন জঙ্গলে আচ্ছাদিত পার্বত্য এলাকা তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে একটি দর্শনীয় ফ্লাইটে ছিলেন।
দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে হেলিকপ্টার ফ্লাইটের ওপর আরও নজরদারির আহ্বান জানিয়েছেন। এটি শহরের একটি জনপ্রিয় পর্যটন কার্যক্রম। নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য এ ধরনের ফ্লাইট “এক বা দুই সপ্তাহের জন্য” স্থগিত করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তিনি।
কাভালিয়েরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, তিজুকা ন্যাশনাল পার্কের মধ্যে ভিস্তা চাইনেসার কাছে আজ যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, তাতে নিহতদের পরিবারের প্রতি আমার সংহতি রইল।
তিনি আরও জানান, তিনি ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থা, এএনএসি (ANAC)-এর সঙ্গে যোগাযোগ করেছেন।
দুর্ঘটনাটি ঘটেছে ভিস্তা চাইনেসার কাছে, যা একটি ছোট বাঁশের প্যাগোডা দ্বারা শোভিত একটি পর্যবেক্ষণ কেন্দ্র। তিজুকা ন্যাশনাল পার্ক রিও ডি জেনিরোর একটি শীর্ষ গন্তব্য। এলাকাটি ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি এবং উপকূলীয় শহরটির বিস্তৃত দৃশ্যের জন্য বিখ্যাত।
রিও ডি জেনিরোতে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল ডায়ানা পায়েজ সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, শনিবারের ফ্লাইটে থাকা তিনজন নারী একটি পরিবারের সদস্য ছিলেন। তারা একটি মেয়ের ১৫তম জন্মদিন উদযাপন করতে শহরে এসেছিলেন।
দুর্ঘটনায় ওই মেয়েটির দাদি, খালা এবং চাচাতো বোন মারা গেছেন।





