বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ছড়িয়ে পড়েছে ক্যান্সার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার (মেটাস্টেসিস) ফলে তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন।

সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘নিউজনাইট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বাবার এই গুরুতর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার ক্যান্সারটি দিন দিন আরো ছড়িয়ে পড়ছে। ক্যান্সারের এই মারাত্মক প্রভাবের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রোগটি ছড়িয়ে পড়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এটি এখন তার হাড় ও শরীরের আরো গভীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস)।

এর ফলে তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন, যা তাকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে।

জো বাইডেন প্রথম ২০২৫ সালের মে মাসে প্রকাশ্যে জানান যে তিনি এক মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং তা ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে একই বছরের অক্টোবরে তার এক মুখপাত্র থেকে জানানো হয়েছিল, ক্যান্সার নিয়ন্ত্রণে তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির মতো উন্নত চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও জো বাইডেন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান থেকে পুরোপুরি সরে যাননি।

গত জুন মাসেও শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। শারীরিক যন্ত্রণা ও ক্যান্সারের সঙ্গে যুদ্ধের মধ্যেই আগামী ১৭ নভেম্বর জো বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণামূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।