রেললাইনে পানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ

রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ষোলশহর স্টেশনে আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে প্রথম শাটল ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে বটতলী স্টেশন ছাড়ে। পরে ষোলশহর স্টেশনে পৌঁছালে রেললাইনে পানি জমে থাকার কারণে ট্রেনটি আর সামনে যেতে পারেনি। সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটিও একই স্থানে আটকে পড়ে।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমানুর রহমান বলেন, সকালের প্রথম ট্রেনে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। ষোলশহরে পৌঁছানোর পর ট্রেনটি থেমে যায়। পরে জানতে পারেন, রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ক্লাসে যাওয়া সম্ভব হয়নি। তার মতো শাটল ট্রেনে থাকা আরও অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন।

ষোলশহর স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন জানান, ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে অনেক পানি জমেছে। এ কারণে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।

এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের বাসে করে ক্যাম্পাসে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন। তবে শাটল ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।