যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন দ্য ডিউক অ্যান্ড ডাচ অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল। যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনার মধ্যে বড় ধরনের আর্থিক দণ্ড ও আইনি ধাক্কার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গেছেন হ্যারিসহ সাতজন।
এখন তাঁরা প্রতিপক্ষের দাবি করা বিশাল অঙ্কের আইনি খরচ মেটানোর ঝুঁকির মুখে পড়েছেন, যা সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এটি ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসাবে)।
শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যের হাইকোর্টের একজন বিচারপতি এ মামলায় আইনি ব্যয় নিয়ে ব্যতিক্রমী এক আদেশ দেন।
মামলার সাত বাদীর মধ্যে এলটন জন ও লিজ হার্লিও রয়েছেন। তাঁদের আগামী শুক্রবারের মধ্যে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।
এটি এমন একটি বিরল মামলা, যেখানে বাদীদের সম্মত হওয়া খরচের চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করতে হবে। বিচারপতি রায়ে বাদীদের দাবি উপস্থাপনের পদ্ধতির সমালোচনা করে বলেন, তা ছিল ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’।
এর আগে গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগসংক্রান্ত বাদীদের দাবিগুলো খারিজ করে দেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড অবশ্য এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিল।
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও অন্য ছয় বাদীকে আপিল করতে আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
অন্য বাদীরা হলেন গায়ক এলটন জন ও তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।
মামলায় হারলে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত পরিশোধের জন্য বাদীদের বিমা করা ছিল। কিন্তু অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স নিজেদের পক্ষে মামলা লড়তে ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হয়েছে বলে জানিয়েছে। শুক্রবারের রায়ের ফলে তারা এর পুরোটা আদায়ের চেষ্টা করতে পারে।
এর অর্থ, প্রিন্স হ্যারি ও অন্যদের পকেট থেকে বিমার ওই অর্থের বাইরেও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের বিল গুনতে হতে পারে।
বিচারপতি বলেন, ‘৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আমার কাছে আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। এতে যুক্তিসংগতভাবেই প্রশ্ন ওঠে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে অর্থ এখন দাবি করছে, তার সবটুকু খরচ সত্যিই যুক্তিসংগতভাবে হয়েছে কি না এবং দাবিকৃত অর্থের পরিমাণও যৌক্তিক কি না।’
তবে বিচারপতি এ-ও বলেন, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে পরিমাণ আইনি খরচ আদায় করতে পারবে, তার ওপর তিনি কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এমন সীমা নির্ধারণ করলে তা ‘অতিরিক্ত সাধারণীকরণ’ হয়ে যেত, অন্যায়ের ঝুঁকি থাকত এবং সেই সিদ্ধান্তকে ‘খেয়ালখুশিমতো নেওয়া’ বলে সমালোচনা করার সুযোগ তৈরি হতো।
চলতি মাসের শেষভাগেই নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল স্থানান্তরিত হবেন বলে জানা গেছে। রাজপরিবারের এই আলোচিত দম্পতি লন্ডনের বাইরে একটি সম্পূর্ণ ব্যক্তিগত বাড়িতে বসবাস শুরু করতে যাচ্ছেন।





