দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ, নেপথ্যে যে কারণ

চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে অভিনয়শিল্পীদের নানা ধরনের কঠিন প্রস্তুতি নিতে দেখা যায়। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক চরিত্রের জন্য যা করেছিলেন, তা রীতিমতো অবাক করার মতো। চরিত্রের প্রয়োজনে টানা প্রায় দেড় থেকে দুই মাস গোসল না করেই ছিলেন তিনি!

ঘটনাটি ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘চক্র’ সিনেমার শুটিংয়ের সময়কার। মুম্বাইয়ের বস্তিজীবন ও সেখানকার মানুষের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে একটি অপরাধী চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। চরিত্রটিকে পর্দায় আরও বাস্তব করে তুলতেই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে সেই পুরোনো স্মৃতি সামনে আনেন অভিনেতা গুলশান গ্রোভার। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নাসিরুদ্দিন শাহের এই অভিনয়-নিষ্ঠার কথা শুনে তিনি বেশ অবাক হয়েছিলেন।

গুলশান গ্রোভার বলেন, তিনি নিজে দিনে দুই থেকে চারবার গোসল করেন। তাই নাসিরুদ্দিন শাহের টানা দেড়-দুই মাস গোসল না করার বিষয়টি তার কাছে ছিল অকল্পনীয়। মজার ছলে তিনি বলেন, ‘আমি কখনোই তার এই নিষ্ঠার সমান হতে পারব না।’

নিজের প্রসঙ্গে রসিকতা করে গ্রোভার আরও বলেন, ভাগ্য ভালো যে তাকে এমন চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে স্যুট পরে হাতে পানীয় নিয়ে থাকলেই চলে।

‘চক্র’ পরিচালনা করেছিলেন রবীন্দ্র ধর্মরাজ। এতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিবাসীদের জীবন, দারিদ্র্য এবং প্রতিদিনের টিকে থাকার লড়াই সিনেমাটির গল্পে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছিল।

প্রায় চার দশক পেরিয়ে গেলেও অভিনয় থেকে দূরে সরে যাননি নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সময়েও তাকে বিভিন্ন সিনেমায় দেখা গেছে। ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া কাজল ও প্রভু দেবার সঙ্গে তার অভিনীত অ্যাকশন থ্রিলার ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র : গালফ নিউজ