হত্যা মামলার আপিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটজিপিটি ব্যবহার করে বানানো ভুয়া সাক্ষ্য ও পুলিশের বানোয়াট জবানবন্দি দাখিল করেছেন এক মার্কিন আইনজীবী। সত্যতা যাচাই না করে এমন কাল্পনিক তথ্য আদালতে জমা দেওয়ায় স্টিফেন অ্যারনস নামের ওই আইনজীবীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করার পাশাপাশি আর্থিক জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো সুপ্রিম কোর্ট।
সান্তা ফে-ভিত্তিক আইনজীবী স্টিফেন অ্যারনস তার মক্কেল অস্কার রেনি স্যান্ডোভালের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল লড়ছিলেন। স্যান্ডোভাল তার সন্তানদের মাকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত। আপিলের নথিপত্র প্রস্তুত করতে গিয়ে অ্যারনস চ্যাটজিপিটির সাহায্য নেন। কিন্তু এআই টুলটি আসামির পরনের পোশাক থেকে শুরু করে ভুয়া সাক্ষী এবং পুলিশের ভুয়া জবানবন্দি তৈরি করে দেয়, যা যাচাই না করেই তিনি আদালতে জমা দেন।
আদালত এই ঘটনায় অ্যারনসকে ৫ হাজার ডলার জরিমানা করেছে। বিচারকরা জানিয়েছেন, মক্কেলের প্রতি তার কোনো দায়িত্ববোধ বা অনুশোচনা দেখা যায়নি। অধিকতর তদন্তের জন্য তাকে আইনজীবী শৃঙ্খলা বোর্ডের কাছেও পাঠানো হয়েছে।
অ্যারনস অবশ্য নিজের ভুল স্বীকার করে রয়টার্সকে জানিয়েছেন, এটি একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। এআই যে এভাবে তথ্য বানিয়ে দিতে পারে (হ্যালুসিনেট), তা তার জানা ছিল না। ভবিষ্যতে প্রযুক্তির ওপর নির্ভরশীল পেশাদারদের জন্য এটি একটি বড় শিক্ষা বলে মন্তব্য করেন তিনি।
তবে গত ২১ আগস্টের শুনানিতে তার এমন যুক্তিতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি সি. শ্যানন বেকন। তিনি কড়া ভাষায় প্রশ্ন করেন, আপনি কি খবর দেখেন না বা পড়েন না? আইনজীবীদের এআইয়ের ভুলে বিপদে পড়ার খবর তো এখন প্রতিদিনই সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছে!
উল্লেখ্য, তথ্য যাচাই না করে আদালতে এআই-এর তৈরি ভুয়া নথিপত্র বা আইনি রেফারেন্স জমা দিয়ে সম্প্রতি অনেক আইনজীবীই বিচারকদের তোপের মুখে পড়েছেন। এটি সেই ক্রমবর্ধমান গাফিলতিরই সর্বশেষ নজির। মক্কেল স্যান্ডোভালের আপিল মামলাটি বর্তমানে অন্য একজন আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়েছে।





