সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শনিবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর রাজধানীতে এ ধরনের সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম।
স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি আকাশপথে শত্রুতামূলক হুমকির মুখে রয়েছে।’ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকেরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে।
তবে বিস্ফোরণের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের পাঠানো ওই সতর্কবার্তায় যে হুমকির কথা বলা হয়েছে, সেটির উৎস সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের হামলা বেড়েছে সৌদি আরবে। ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করা হুতিরা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। ওই সরকারকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।
বুধবার সৌদি আরব অভিযোগ করে, হুতিরা মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মুসলিমদের পবিত্র এই শহরকে লক্ষ্য করে এমন হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানায় সৌদি আরব। তবে হুতিরা অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা বলেছে, পবিত্র স্থান থেকে দূরে থাকা তেল স্থাপনা বা সামরিক ঘাঁটিই তাদের হামলার লক্ষ্য।
সেপ্টেম্বরের শুরুতে হুতিদের আকস্মিক অভিযান শুরুর পর সৌদি আরব প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে বলে দাবি করেছে হুতিরা। এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের পুরো উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। এতে ইউরোপ ও এশিয়াকে সুয়েজ খালের মাধ্যমে যুক্ত করা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
ইয়েমেনের যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে। ওই সময় হুতিরা রাজধানী সানা ও অন্যান্য এলাকা দখলে নেওয়ার পর ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও জুলাইয়ে তা ভেঙে যায়।
লোহিত সাগরের উপকূল দখলে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকেই আরব উপদ্বীপের অপর পাশে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক নৌবাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
সৌদি আরবের তেল রপ্তানিও এতে প্রভাবিত হচ্ছে। সামুদ্রিক পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সাত দিনে সৌদি পণ্যবাহী মাত্র পাঁচটি জাহাজ বাব আল-মান্দাব দিয়ে লোহিত সাগর থেকে বের হয়েছে। জানুয়ারি থেকে এই পথে প্রতি সপ্তাহে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার এক-তৃতীয়াংশেরও কম।
এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে রিয়াদ বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে পারবে। তবে এসব যুদ্ধবিমান সরবরাহ করতে সময় লাগবে।
জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে ইয়েমেনে আবার সংঘাত শুরু হওয়ার পর দেশটির ভেতরে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ প্রতিবেশী জিবুতিতে আশ্রয় নিয়েছে।
সূত্র: ল’ওরিয়েন্ট টুডে





