হোয়াইট হাউসে প্রবেশাধিকারে সিএনএনসহ তিন প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিচারক টিম কেলি বলেন, তিন সংবাদমাধ্যমের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সম্ভবত সংবিধানবিরোধী।

বিচারক তাদের প্রেস পাস ফেরত দিতে এবং আগামী ১৪ দিন নিষেধাজ্ঞা কার্যকর না করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে-সরকারের এমন যুক্তি তিনি নাকচ করেন। আদেশে কেলি বলেন, পাস ফিরিয়ে দিলে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে, এমন দাবির পক্ষে নথিতে কোনো তথ্য নেই। ট্রাম্প নিজেই সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের কথিত অসত্যতা ও নেতিবাচকতা কে নিষেধাজ্ঞার কারণ বলেছেন বলে উল্লেখ করেন বিচারক।

১৮ সেপ্টেম্বর ট্রাম্প তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেন। এর বিরুদ্ধে সোমবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করে প্রতিষ্ঠানগুলো। তাদের অভিযোগ, আগাম নোটিশ বা আপত্তি জানানোর সুযোগ না দিয়ে প্রেস পাস বাতিল করে মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকার লঙ্ঘন করা হয়েছে।

বুধবারের শুনানিতে বিচারক বলেন, পূর্ববর্তী দুটি আপিল আদালতের রায় অনুযায়ী প্রেস পাস বাতিলের আগে সাংবাদিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। প্রশাসন মঙ্গলবার কারণ ব্যাখ্যা করে চিঠি পাঠালেও তা পাঠানো হয়েছে পাস বাতিল ও মামলা দায়েরের পরে।

বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন, হোয়াইট হাউসে প্রবেশাধিকার কোনো অধিকার নয়; প্রেসিডেন্ট তা স্থগিত করতে পারেন। অন্যদিকে রয়টার্স, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টসহ বহু সংবাদমাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন আদালতে তিন প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র: রয়টার্স