‘হনুমান অংশ’ সিক্যুয়েলে অক্ষয়, গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রযোজক

ক্ষুদ্র বাজেটের ছবি ‘হনুমান অংশ’-এর অভূতপূর্ব সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েলে বলিউড তারকা অক্ষয় কুমারের অভিনয় করা নিয়ে বিনোদনজগতে নানা গুঞ্জন ভাসছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক অনুপ্রিয়া নাগর। তিনি সরাসরি নিশ্চিত করেছেন যে, বহুল প্রতীক্ষিত ‘হনুমান অংশ ২’-এ অক্ষয় কুমারের যুক্ত হওয়া নিয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

প্রযোজকের এই মন্তব্যের মাধ্যমে বলিউড তারকাকে ঘিরে তৈরি হওয়া কাস্টিং সম্পর্কিত সমস্ত অমূলক জল্পনার ইতি ঘটল।

সম্প্রতি এক মতবিনিময় অনুষ্ঠানে প্রযোজক অনুপ্রিয়া নাগর অক্ষয় কুমারকে তার ‘প্রিয় অভিনেতা’ হিসেবে উল্লেখ করার পর থেকেই এই জল্পনার সূত্রপাত হয়। সেই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, অক্ষয় কুমারকে ‘হনুমান অংশ’-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে কি না? জবাবে তিনি রসিকতা করে বলেছিলেন, ‘সেটি মহারাজ জি বলবেন।’ তার এই রহস্যজনক উত্তর ভক্তদের মনে নতুন জল্পনার জন্ম দেয় এবং অনেকেই ধরে নেন যে সিক্যুয়েলে হয়তো অক্ষয় কুমারের উপস্থিতি থাকছে।

তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া নাগর বিষয়টি পুরোপুরি পরিষ্কার করেন। নিজের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারের বিষয়ে আমি কিছুই বলিনি। এটি সম্পূর্ণ ভুল তথ্য। প্রযোজক এটিও স্পষ্ট করেছেন যে তার আগের মন্তব্যটিকে যেন কোনোভাবেই কাস্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেওয়া না হয়।

অক্ষয় কুমারের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও ‘হনুমান অংশ ২’ যে নির্মিত হচ্ছে, তা পুরোপুরি নিশ্চিত। ছবির পরিচালক বিশাল চতুর্বেদী আগেই নিশ্চিত করেছিলেন যে, দ্বিতীয় পর্বের কাজ বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রথম সিনেমাটির সাফল্যের ওপর ভিত্তি করে পুরো সিরিজটিকে একটি ট্রিলজি বা ত্রিপর্বের ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যার আওতায় প্রথম পর্বের পর আরও দুটি সিক্যুয়েল মুক্তি পাবে।

মূলত ‘হনুমান অংশ’ সিনেমাটি অত্যন্ত সীমিত বাজেটে নির্মিত হয়েও বক্স অফিসে অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। চলচ্চিত্রবিষয়ক বাণিজ্য ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র আনুমানিক ২ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমাটি ভারতের অভ্যন্তরীণ বাজারে নিট ৩১২.৩৮ কোটি রুপি আয় করেছে এবং বিশ্বজুড়ে এর গ্রস আয় দাঁড়িয়েছে ৪০৮ কোটি রুপিতে।

গত ৭ আগস্ট মুক্তি পাওয়া এই আধ্যাত্মিক ধারার সিনেমাটিতে লক্ষ্মী নারায়ণ শর্মা তথা নিম কারোলি বাবার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন শোভিনব সত্যা। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, নিখিল দুবে, অনিল রস্তোগি, সুগন্ধা মালহোত্রা, ভগবানদাস প্যাটেল, নেহা প্রাঞ্জপে এবং পূর্ণিমা তিওয়ারি।

সূত্র: এনডিটিভি