খালেদ মুন্নার গানে প্রথমবার একসাথে রাজেশ-অনুরূপ আইচ

বাংলাদেশের সংগীত জগতে স্ব স্ব ক্ষেত্রে জনপ্রিয় দুইজন ব্যাক্তিত্ব হচ্ছেন রাজেশ ঘোষ ও অনুরূপ আইচ। প্রথমজন সুরকার। দ্বিতীয়জন গীতিকার। এ দুজনের ব্যাক্তিগত সম্পর্ক ২৫ বছরের। কিন্তু একসাথে তারা গান করলেন এই প্রথম। ‘কেন হলি না আমার’ শিরোনামের গানটি গেয়েছেন খালেদ মুন্না।

এক যুগ পর প্রকাশিত খালেদ মুন্নার একক এলবামে থাকবে গীতিকার অনুরূপ আইচের লেখায়, রাজেশ ঘোষের সুরে ও রোজেন রহমানের সংগীত পরিচালনায় সেড মেলোডি ঘরনার সুন্দর এই গানটি।

খালেদ মুন্নার নতুন এই একক এলবাম প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন।

এ প্রসংগে অনুরূপ আইচ বলেন, রাজেশের সাথে বহুবছরের সম্পর্ক আমার। কিন্তু কোনো শিল্পী বা অডিও কোম্পানি উদ্যোগ না নেওয়ায় আমাদের একসাথে গান করা হয়নি। মুন্না আমাদেরকে নিয়ে গান করার উদ্যোগ নিয়েছে বলেই সুন্দর একটি গানের জন্ম হলো।

এ ব্যাপারে রাজেশ বলেন, অডিও ইন্ডাষ্ট্রিতে আমি ও অনুরূপ আইচ যে যার মতো কাজ করতাম। উনি আমার সুর পছন্দ করেন। আমিও উনার লেখা পছন্দ করি। সুযোগের অভাবে আমাদের কাজ একসাথে কাজ হয়নি। এবার হলো মুন্নার উদ্যোগে। বেশ ভালো লাগছে।

গায়ক খালেদ মুন্না বলেন, এক যুগ পর ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার একক এলবাম বের হবে। এরজন্য ধ্রুব গুহকে ধন্যবাদ জানাই। ১০টি গান নিয়ে সাজানো এ এলবামের নাম এখনো ঠিক হয়নি। এতে বাংলাদেশের বিখ্যাত গীতিকার সুরকারেরা গান বানিয়ে দিয়েছেন আমাকে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।