‘যে খারাপ চায়, তার থেকে দূরে থাকি’

কুনজর বা অন্যের নেতিবাচক দৃষ্টিতে বিশ্বাস করেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। তবে এ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনো বিশেষ আচার বা কুসংস্কারে বিশ্বাসী নন তিনি। বরং কারও নেতিবাচক মনোভাব বুঝতে পারলে সেই ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন অভিনেত্রী।

মঙ্গলবার রাতে ‘নজরবন্দী’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পায়েল সরকার। অনুষ্ঠানে কচি কলাপাতা রঙের সিক্যুয়েনের কাজ করা গাউনে নজর কেড়েছিলেন তিনি। তবে তাঁর পোশাকের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ে কানের দুল। দুলটিতে ছিল ‘ইভিল আই’ বা কুনজর থেকে রক্ষার প্রতীক।

অভিনেত্রীর এমন দুল পরার কারণ নিয়েই শুরু হয় আলোচনা। অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি কুনজর এড়াতেই এই বিশেষ অলংকার বেছে নিয়েছেন পায়েল?

এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ইভিল আইয়ের দুল পরার সঙ্গে নজর কাটানোর কোনো সম্পর্ক নেই। তবে কুনজরে তাঁর বিশ্বাস রয়েছে। এমনকি বিষয়টি নিয়ে কিছুটা আতঙ্কও কাজ করে তাঁর মনে।

কুনজর থেকে নিজেকে দূরে রাখার উপায় প্রসঙ্গে পায়েল জানান, কারও নেতিবাচক মনোভাব বুঝতে পারলে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক বা সময় কাটানো থেকে বিরত থাকেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘কেউ যদি একটানা আমার ব্যাপারে নেগেটিভ ভাবে, তা হলে তার সঙ্গেও আমার সময় কাটাতে বা সম্পর্ক রাখতে ইচ্ছা করবে না। সেটুকু বোঝার ক্ষমতা সকলেরই রয়েছে। আমি শুধু সেটুকুতেই বিশ্বাস করি। এর চেয়ে বেশি কিছু নয়।’