পেট্রোল বোমা হামলায় এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই বিষয়টি জানান। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। সংগঠনটির জেলা সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসররা এ ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

তিনি আরও জানান, বাড়িটি একতলা টিনশেডের। এতে মোট আটটি কক্ষ ছিল। আগুনে এর মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে গেছে। পাশাপাশি বাড়িতে থাকা দুটি ছাগলও আগুনে মারা গেছে।