প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬, কোচিং বাণিজ্য শুরুর শঙ্কা

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে না। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এর ফলে আগের মতো কোচিং বাণিজ্য শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় প্রমাণপত্র থাকতে হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কে ভর্তি কার্যক্রম শুরুর আগে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেই এলাকাই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যে কোনো একটিতে আবেদনের সুযোগ পাবে।

ভর্তিতে কয়েকটি শ্রেণির জন্য কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এসব কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে আসনগুলো সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।

নীতিমালায় ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭-এর ফলে আগের মতো কোচিং বাণিজ্য শুরুর শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রাথিমিক শিক্ষার সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত নয়। খুদে শিক্ষার্থীদের পড়াশোনার অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা উচিত। এছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার ফলে ভর্তিযুদ্ধ ও কোচিং বাণিজ্য শুরুর শঙ্কা সৃষ্টি হয়।

অভিভাবকদের মতে, গত কয়েক বছর ধরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। ফলে ভর্তি পরীক্ষাকেন্দ্রিক কোচিং সেন্টারগুলোর দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছিল। কিন্তু নতুন নীতিমালায় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়ে আনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নামিদামি স্কুলগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মতো নিচের ক্লাসে ভর্তির জন্যও তীব্র প্রতিযোগিতা শুরু হবে। এর সুযোগ নিয়ে শহরের অলিগলিতে আবারও ‘ভর্তি কোচিং’ ও ‘প্রাইভেট ব্যাচ’ খুলে বসবে অসাধু চক্র। এতে একদিকে যেমন অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে, অন্যদিকে শিশুদের শৈশবও চার দেয়ালের ভেতর বন্দি হয়ে পড়বে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স এক বছর বাড়ানোর ফলে যেসব অভিভাবক তাদের পাঁচ বছর বয়সি সন্তানদের ২০২৭ সালে প্রথম শ্রেণিতে ভর্তি করানোর প্রস্তুতি নিয়েছিলেন, তারা বিপাকে পড়েছেন। অনেক শিশু প্রাক-প্রাথমিক (প্লে বা নার্সারি) শেষ করেও বয়সের মারপ্যাঁচে পড়ে এক বছর পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

শিক্ষাবিদরা মনে করছেন, শিশুদের মানসিক বিকাশ ও পাঠগ্রহণের সক্ষমতা বিবেচনায় ছয় বছর বয়সে প্রথম শ্রেণিতে ভর্তি করা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে দ্বিতীয় শ্রেণি থেকেই লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি শিশুদের ওপর অহেতুক চাপ তৈরি করবে কি না, তা পুনর্বিবেচনা করা প্রয়োজন। কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে এখন থেকেই কঠোর নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. তাপস কুমার বিশ্বাস বলেন, দ্বিতীয় শ্রেণি থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে আবার কোচিং বাণিজ্যের প্রসার হবে। পৃথিবীর কোথাও বাচ্চাদের পরীক্ষার এ ধরনের কোনো নীতিমালা নেই। প্রাথমিক বা পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাদ দেওয়া উচিত। ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। বাচ্চা পড়াশোনার অতি চাপ বা ভর্তি পরীক্ষার ইঁদুর দৌড়ে অংশ নিক—এটা কোনোভাবে কাম্য নয়। তবে সরকার বাচ্চাদের ভর্তির ক্ষেত্রে বয়স ছয় বছর নির্ধারণ করে আন্তর্জাতিক স্টান্ডার্ড মেন্টেইন করেছে। এটা নিয়ে বিতর্ক থাকার কথা নয়।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, দ্বিতীয় শ্রেণি থেকে ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে কোচিং বাণিজ্যের প্রচার-প্রসার হবে। এটা কোনোভাবে কাম্য নয়, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিববকদের কারণে এ ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে। এখন শিশুদের বয়স অনুসারে পরীক্ষা যেন আয়োজন করা হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। ক্যাচমেন্ট এলাকার ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দিতে হবে। তাহলে এ সমস্যার কিছুটা সমাধান হবে। গেণ্ডারিয়ার বাচ্চার তো মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তির দরকার নেই। পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাদ দেওয়া উচিত।

বয়স সীমার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. আব্দুস সালাম বলেন, বাংলাদেশে অনেক শিশুর বয়স জন্মনিবন্ধনে কমিয়ে-বাড়িয়ে দেখানো হয়। এ সমস্যা শিশু জন্মের পর অনলাইনে রেজিস্ট্রেশন করে সমাধান করা যায়। এর ফলে শিশুরা সঠিক সময়ে অর্থাৎ, ঠিক ছয় বছরে ভর্তি হতে পারবে। তখন আর বেশি বয়সে ক্লাস ওয়ানে ভর্তির প্রবণতা কমবে। ক্যাচমেন্ট এলাকার শিক্ষা প্রতিষঠানের মান বাড়াতে হবে, তাহলে কথাকথিত ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য তোড়জোড় বন্ধ হবে। সরকারকে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে জোর দিতে হবে।