দেশের পানীয় সংস্কৃতিতে, বিশেষ করে, তরুণ প্রজন্মের মাঝে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কফি।
কফি ছিল একসময় উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের পানীয়। শহুরে সাধারণ পরিবারগুলোতে মাঝেমধ্যে শখের বশে পান করা হতো। কিন্তু এখন এটি ক্যাফে, অফিস ও সামাজিক আড্ডায় ক্রমেই সাধারণ মানুষেরও পছন্দের তালিকায় উঠে আসছে।
জীবনযাত্রার পরিবর্তন, ক্রমবর্ধমান নগরায়ণ এবং আন্তর্জাতিক খাদ্যাভ্যাসের সাথে পরিচিতি বাড়ার কারণে দেশজুড়ে কফি পান বাড়ছে। এটি কেবল মানুষের পানীয়ের পছন্দই বদলে দিচ্ছে না, বরং তাদের সামাজিক মেলামেশা, কাজ এবং অবসর সময় কাটানোর ধরনে আনছে নতুন ট্রেন্ড।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চা এ দেশের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে, যা রাস্তার পাশের টং দোকান, পারিবারিক আড্ডা, কর্মক্ষেত্র এবং সামাজিক অনুষ্ঠানে অপরিহার্য। তবে, কফি ধীরে ধীরে চায়ের বিকল্প হয়ে উঠছে এবং শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও শহুরে ভোক্তাদের ক্রমেই আকৃষ্ট করছে।
বাংলাদেশে বাণিজ্যিকভাবে কফির জনপ্রিয়তা গতি পায় ১৯৯০-এর দশকের শেষ দিকে, বিশেষ করে ১৯৯৮ সালে নেসলে স্থানীয় বাজারে নেসক্যাফে নিয়ে আসার পর। সাশ্রয়ী মূল্যের ইনস্ট্যান্ট বা রেডি কফি পণ্যগুলো বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এই পানীয়টিকে পরিচিত করতে সাহায্য করেছে এবং বাড়িতে এটি তৈরি করা সহজ করে তুলেছে।
প্রাথমিকভাবে কফি পান মূলত শহরের মধ্যবিত্ত ও উচ্চ-আয়ের জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে, সাশ্রয়ী মূল্যে ইনস্ট্যান্ট কফির সহজলভ্যতা ২০০০-এর দশকের শুরুর দিকে ধীরে ধীরে এর ভোক্তা বাড়াতে বেশ সহায়ক হয়েছে।
আধুনিক কফি শপগুলোর আবির্ভাব দেশের কফি সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ২০০৫ সালে ঢাকার বনানী এলাকায় ‘কফি ওয়ার্ল্ড’ একটি আউটলেট চালু করে, যা গ্রাহকদের আন্তর্জাতিক ক্যাফের অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়।
পরবর্তীতে, ২০১১ সালে ‘নর্থ এন্ড কফি রোস্টার্স’ প্রতিষ্ঠিত হওয়া রাজধানীতে কফি সংস্কৃতির বিকাশে আরও অবদান রাখে।
বিগত বছরগুলোতে ক্যাফেগুলো তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং পেশাজীবীদের আড্ডার জনপ্রিয় স্থানে পরিণত হয়। নিছক কফি পানের বাইরেও অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ, অনানুষ্ঠানিক সভা, পড়াশোনা এবং কাজের জন্য এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন।
কফির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভোক্তাদের পরিবর্তনশীল পছন্দ এবং শহুরে জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে জড়িত। বিশেষ করে এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, লাতে এবং কোল্ড কফিসহ বিভিন্ন ধরনের কফির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমও ক্যাফে সংস্কৃতিকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছে। আকর্ষণীয় ক্যাফে ইন্টেরিয়র, শৈল্পিক কফি পরিবেশন এবং লাতে আর্ট তরুণ ভোক্তাদের নতুন কফির স্বাদ নিতে উৎসাহিত করেছে।
ঢাকার ধানমন্ডি, বনানী, গুলশান এবং উত্তরার মতো এলাকাগুলোতে কফি শপগুলো ক্রমশ শহুরে সামাজিক পরিমণ্ডলের অংশ হয়ে উঠেছে।
এই প্রবণতা ধীরে ধীরে রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে এবং অন্যান্য বড় শহরগুলোতেও ক্যাফে ও কফি কর্নার গড়ে উঠছে।
কফির ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন দেখা যাচ্ছ দেশের এই পানীয়টির আমদানি বৃদ্ধিতেও। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ২০০৩ সালে প্রায় ১৩৯ টন কফি আমদানি করে, যা ২০১২ সালে বেড়ে প্রায় ২৬৪ টনে এবং ২০২২ সালে প্রায় ১,৭৪৫ টনে দাঁড়িয়েছে।
খাত সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা এই ক্রমবর্ধমান চাহিদার পেছনে ক্যাফে ব্যবসার প্রসার, ইনস্ট্যান্ট কফির সহজলভ্যতা এবং ভোগের অভ্যাসের পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশ এখনো মূলত আমদানিকৃত কফির ওপরই নির্ভরশীল।
স্থানীয়ভাবে চাষাবাদের সম্ভাবনা
বাংলাদেশে কফি বিশেষ করে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলগুলোতে। কফি চাষের উদ্যোগগুলো কৃষকদের জন্য কৃষি উৎপাদনে বৈচিত্র্য আনার এবং আয়ের বিকল্প উৎস খুঁজে বের করার সুযোগ তৈরি করেছে।
অভ্যন্তরীণ চাষাবাদের প্রসার আমদানিনির্ভরতা কমাতে সাহায্য করার পাশাপাশি চাষাবাদ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং বিপণন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
তবে, সীমিত উৎপাদন, অপর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ সুবিধা, বিনিয়োগের সীমাবদ্ধতা এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তির অভাব এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ
ক্রমবর্ধমান জনপ্রিয়তা সত্ত্বেও সাশ্রয়ী মূল্য এবং ব্যাপক ব্যবহারের দিক থেকে কফি এখনো চায়ের প্রতিযোগী হয়ে উঠতে পারেনি।
আধুনিক ক্যাফেগুলোতে পরিবেশিত কফির তুলনামূলক উচ্চমূল্য অনেক ভোক্তার জন্য একটি প্রতিবন্ধক হিসেবে রয়ে গেছে। এছাড়া ক্যাফে মালিকরাও ক্রমবর্ধমান ভাড়ার খরচ, ব্যয়বহুল সরঞ্জাম এবং পরিচালন ব্যয়ের সম্মুখীন হচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ সুবিধার উন্নয়ন এবং কফি শিল্পে বিনিয়োগ উৎসাহিত করা হলে এই পানীয়টি সবার কাছে আরও সহজলভ্য হতে পারে।
পরিবর্তনশীল পানীয় সংস্কৃতি
কফির ক্রমবর্ধমান জনপ্রিয়তা যে চা পানের হার কমে যাওয়ার ইঙ্গিত দেয়, তা নয়। বরং এটি বাংলাদেশের পানীয় সংস্কৃতির বৈচিত্র্য নির্দেশ করে।
ঐতিহ্যবাহী সামাজিক আড্ডা এবং দৈনন্দিন পানের ক্ষেত্রে চা এখনো তার আধিপত্য বজায় রেখেছে, অন্যদিকে কফি ক্রমশ আধুনিক জীবনযাত্রা, পেশাদার যোগাযোগ এবং অবসরকালীন কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে।
গত তিন দশকে বাড়িতে ইনস্ট্যান্ট কফি থেকে শুরু করে আধুনিক ক্যাফেতে স্পেশাল কফি পর্যন্ত এই পানীয়টি বাংলাদেশে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।
ভোক্তাদের পরিবর্তনশীল পছন্দ, প্রসারমান নগরায়ণ এবং উদ্যোক্তাদের আগ্রহ বাড়ার ফলে দেশের খাদ্য ও পানীয় শিল্পে কফি আরো নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।





