থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে চারতলা একটি বাণিজ্যিক ভবনে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি ও অপর ১৬ জন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের এক কর্মকর্তা এএফপিকে জানান, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও ভাড়ায় আবাসনের ব্যবস্থা ছিল।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টা সময় লাগে। পরে ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।
আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে ওই কর্মকর্তা জানান। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের নাম প্রকাশ করেননি।
তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এবং ভাঙা কাচের আঘাতে আহত ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তাবিধি কার্যকরের বিষয়টি, বিশেষ করে বার ও নৈশক্লাবের ক্ষেত্রে, দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
গত জুলাইয়ে রাজধানী ব্যাংককের একটি জনাকীর্ণ বারে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন মারা যায় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
এর আগে ২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় রাজধানীর সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষ আহত হয়।





