মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে দেড় শতাধিক

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারং এলাকায় স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন ইম্ফলের সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি ওই মদে বিষাক্ত রাসায়নিক মিথানল মিশে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এএনআইয়ের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিরাও রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মিথানল মেশানো মদ পান করার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

সিজা হাসপাতালে এখনো পরিস্থিতি সংকটজনক। জরুরি চিকিৎসার জন্য সেখানে নতুন নতুন রোগী আসছেন।

মৃত ও অসুস্থ মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি দেখতে এবং আক্রান্ত রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে সিজা হাসপাতাল পরিদর্শন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সিজা হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. চেতন হুনডংবাম বলেন, চাকপি কারং এলাকায় মিথানল বিষক্রিয়ার ঘটনা ঘটেছে বলে রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই তারা খবর পেয়েছিলেন।

পরে রোগীদের হাসপাতালে আনার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, এখন পর্যন্ত হাসপাতালে ১৪০ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন।

তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হিমোডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যাসংকট তৈরি হয়েছে বলে জানান ডা. হুনডংবাম। এ পরিস্থিতিতে রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য রাজ্য স্বাস্থ্য বিভাগ, আরআইএমএস ও জিইএনআইএমএসের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কিছু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। তবে যাদের লাইফ সাপোর্ট বা হিমোডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের সিজা হাসপাতালেই রাখা হবে।

মুখ্যমন্ত্রী হাসপাতালে এসে রোগীদের আশ্বস্ত করেছেন। আক্রান্তদের চিকিৎসায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। চান্দেল জেলা সদর থেকে সুমিল লাংহু এএনআইকে জানান, গত দুই থেকে তিন দিন ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ধারণা, বিষাক্ত মদ পান করার কারণেই এত মানুষের অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

লাংহু বলেন, মদটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মদ পান করার পরই আক্রান্ত ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। হতাহতের সংখ্যা সম্পর্কে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।

এ ছাড়া বাবিনা হাসপাতালেও একই ধরনের উপসর্গ নিয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে লাংহু বলেন, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকারের এই সহযোগিতায় তারা সন্তুষ্ট।