সৌদি আরবের বাড়তি হজ কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরব। এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় কিছু কোটা অব্যবহৃত থাকায় এসব আসনে নতুন করে হজযাত্রী নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।





