আশুলিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য আটক, উদ্ধার ১৫,

সাভারের আশুলিয়ায় কোম্পানি খুলে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৩ জনকে আটক করেছে র‌্যাব। তাদের কবলে থাকা ১৫ জনকেও উদ্ধার করেছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। 

র‌্যাব জানায়, সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এ এস এস প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৩ জন হচ্ছেন- রাম চন্দ্র হালদারের ছেলে রবিন হালদার (১৯), লিয়াকত আলীর ছেলে লাবিব (১৯) ও শাজাহান আলীর ছেলে রাসেল মাহমুদ (২৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সোমবার সন্ধ্যায় জামগড়ার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের ৩ জনকে আটক ও প্রতারণার স্বীকার হওয়া ১৫ জনকে উদ্ধার করা হয়।  এ ছাড়া ২০ কপি অঙ্গীকারনামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৪ টি মুঠোফোনসহ অনান্য কাগজপত্র জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন,  প্রতারক চক্রের সদস্যরা নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে।  আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।