অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা দুঃশাসনেরই নিকৃষ্ট নমুনা : ফখরুল

ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা দুঃশাসনেরই নিকৃষ্ট নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। এ ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ ও শোকাহত। এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে।

মির্জা ফখরুল বলেন, কোথাও কোনো নিয়ম মানার বালাই নেই। গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের।

বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

এবিএস