খেলা: আগের ম্যাচে একুয়েডরের বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। যে কারণে কিছুটা সমালোচনার মুখে পড়েছিল দলটি। তবে কয়েকদিনের ব্যবধানে দলটি সমালোচকদের জবাবটা বাংলাদেশ সময় বুধবার সকালে ঠিকই দিল প্যারাগুয়ের জালে গোল উৎসব করে। এরফলে দলটি জয়েও ফিরল। এ হারে কাতার বিশ্বকাপে খেলার সব আশা শেষ হয়ে গেল প্যারাগুয়ের।
আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে ব্রাজিলের। তাই বুধবারের ম্যাচটি দলটির জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তারপরও একটুও ছাড় দেয়নি তিতের দল। ঠিকই নিজেদের সেরাটা দিয়েই ৪-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চমৎকার তিনটি গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি। শেষ গোলটি রদ্রিগোর।
ব্রাজিলের বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পুরোটা সময়ই বল দখলে রাখে ব্রাজিল। এ সুবাদে রাফিনিয়ার ২৮তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে যায় ব্রাজিলকে। মাঝমাঠ থেকে মার্কিনিয়োসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি ডি-বক্সে ঢুকে পড়েন। সেখানে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
বিরতির আগে ব্যবধান বাড়তে পারতো ব্রাজিলের। তবে সে সময় দারুণ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। এদিকে বিরতির পরেই রাফিনিয়া সুযোগ নষ্ট করেন। একটু পর মাথেউস কুইয়ার হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তবে ৬২তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান কৌতিনহো। এই গোলের উৎসও মার্কিনিয়োস। পিএসজির এই ডিফেন্ডারের পাস ধরে একটু এগিয়ে প্রায় ৪০ গজ দূর থেকে জোরাল শটে ক্রসবার ঘেঁষে লক্ষ্যভেদ করেন কৌতিনহো।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ব্রাজিলের আক্রমণের গতি যেন আরও বেড়ে যায়। তাইতো ম্যাচের ৮৬তম মিনিটে এভেরতন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা আন্তোনি। এর ২ মিনিট পর ব্রাজিলকে চতুর্থ গোলটি এনে দেন বদলি নামা রদ্রিগো। জাতীয় দলের হয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এটি প্রথম গোল। তাতেই ৪-০ গোলের বিশাল এক জয় তুলে নেয় ব্রাজিল।
প্রভাতনিউজ/এনজে





