যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

যশোরের সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ রবিবার বিকেল সোয়া ৪টের দিকে যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়কের ইটভাটার সামনে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে বিএডিসির একটি ট্রাক (যশোর-ট-১৩৯৪) চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগমের মৃত্যু হয়। আহত অবস্থায় জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার সুমি মারা গেছেন। অপর শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোতাসিন বিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন জানান, তারা যশোর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন। চুড়ামনকাটি রেল লাইন পার হয়ে ইট ভাটার সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে তার স্ত্রী, ভ্যানচালকসহ  তিনজন মারা গেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপর প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্র্যাকটি আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ট্রাকটি আটক হয়েছে।