তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই দেশে গণতন্ত্র হত্যাকারী। তাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর লাশের ওপর, মানুষের লাশের ওপর পাড়া দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, হাজার হাজার সেনাসদস্যকে বিনাবিচারে হত্যা করেছে, ২২ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে তারা। ড. হাছান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক, আমরা রাজপথের দল। সারাদেশে লাখে লাখে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে দেখে মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, তারা ভীত হয়ে পড়েছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শুনে মনে হয়, আওয়ামী লীগকে রাজপথে দেখে তারা ভীত হয়ে পড়েছে। আর পুরনো গাড়ি যেমন মাঝে মাঝে স্টার্ট না দিলে একেবারে বন্ধ হয়ে যায়, বিএনপির ক’দিন পরপর দেওয়া কর্মসূচিগুলো হচ্ছে সেইরকম। তথ্যমন্ত্রী হাছান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে পশ্চিম ইউরোপের দেশগুলোর মতো জনকল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতেই ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল’ পাশ করা হয়েছে। বিএনপি যাই বলুক, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বিশ্বব্যাংক, আইএমএফ এবং সারাবিশ্বে প্রশংসিত। আমাদের মাথাপিছু আয় বহু আগেই পাকিস্তানকে এবং করোনার মধ্যে ভারতকেও ছাড়িয়ে গেছে। ১৪ বছর আগে দেশ বিশ্বে ৬০তম অর্থনীতির দেশ ছিল, এখন আমরা ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।





