দফায় দফায় বাড়ছে চিনির দাম, বাড়েনি সরবরাহ

দেশের বাজারে গত চার মাসে তিন দফায় প্রতি কেজিতে ২৬ শতাংশ বাড়ানো হয়েছে চিনির দাম। তার পরও চিনির বাজার এখনো অস্থিতিশীল। প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও। খোলা চিনি পাওয়া গেলেও সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ভোক্তাদের কিনতে হচ্ছে। চিনি ব্যবহার করা হয়, এমন খাবারেরও দাম বেড়েছে।

গত বছরের জুলাই থেকে হঠাৎ চিনির বাজারে অস্থিরতা শুরু হয়। এর ফলে গত সেপ্টেম্বরে সরকার প্রথমবারের মতো খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ৮৯ টাকা এবং খোলা চিনি ৮৪ টাকা নির্ধারণ করে দেয়। এরপর অক্টোবর, নভেম্বর ও জানুয়ারিতে তিন দফায় প্রতি কেজিতে ২৩ টাকা বাড়িয়ে প্যাকেটজাত চিনি ১১২ টাকা এবং খোলা চিনি ১০৭ টাকা নির্ধারণ করা হয়। জানুয়ারি মাসে নির্ধারিত দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। কিন্তু বাজারে সরবরাহ সংকট ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে নির্ধারতি বাড়তি দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি।এই সংকটজনক পরিস্থিতিতেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দেশের মানুষকে স্বস্তি দিতে বাজারে চিনির সরবরাহ বাড়াতে পারছে না। এ বছর উৎপাদন কম থাকায় সরকারি এই প্রতিষ্ঠানের কাছে মজুদের পরিমাণও কম। চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকলগুলোতে প্রায় ২১ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২১-২২ অর্থবছরে প্রায় ২৪ হাজার ৫০০ টন চিনি উৎপাদিত হয়েছিল। ২০২০-২১ অর্থবছরের উৎপাদন ছিল ৪৮ হাজার টন এবং ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয় ৮২ হাজার টন।

জানতে চাইলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (বিপণন) মো. মাযহার উল হক খান গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘এ বছর আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় চিনির উৎপাদন খুবই কম। চলতি অর্থবছরে মাত্র ২১ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। আখের অভাবে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।’

সরকারি চিনি বাজারে পাওয়া যাচ্ছে না—এমন তথ্যের বিষয়ে মাযহার উল হক খান বলেন, ‘আমাদের উৎপাদিত চিনি বাজারে পাওয়া যাবে না। কারণ আমরা নিজেরা সরাসরি ও ডিলারদের মাধ্যমে সুপারশপে সরবরাহ করছি। তাই সুপারশপে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে না। রমজানে চিনির চাহিদা বেশি থাকে, তাই রমজান উপলক্ষে বাজারে বিশেষভাবে সরবরাহ করার চিন্তা রয়েছে আমাদের।’ গতকাল রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কম্পানিগুলো দীর্ঘদিন ধরে প্যাকেটজাত চিনি সরবরাহ বন্ধ রেখেছে। তাই বাজারে প্যাকেট চিনি পাওয়া যাচ্ছে না। পাইকারি বাজারে খোলা চিনি বস্তাপ্রতি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা হচ্ছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে পারছেন না বলেও তাঁরা জানান।

কারওয়ান বাজারের মেসার্স ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নতুন দাম কার্যকর হওয়ার আগেই পাইকারিতে চিনির বাড়তি দাম রাখা হচ্ছে। গত রবিবার প্রতি বস্তা (৫০ কেজি) চিনি কিনতে হয়েছে পাঁচ হাজার ৫০০ টাকায়। বস্তাপ্রতি গাড়িভাড়া আছে আরো ১০০ টাকা। প্রতি কেজি খোলা চিনির কেনার খরচই পড়ে যাচ্ছে ১১২ টাকা, সরকার নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে ১০৭ টাকা। এই দামে চিনি বিক্রি করতে হলে আমাদের প্রতি কেজিতে পাঁচ টাকা করে লোকসান দিতে হবে। লোকসান দিয়ে কেউ চিনি বিক্রি করবে না।’

তোফাজ্জল হোসেন বলেন, ‘চিনি সরবরাহকারী কম্পানিগুলো এবং পাইকারি ব্যবসায়ীরা যেন সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করেন সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। তা না হলে খুচরা বাজারে নির্ধারিত দামে চিনি বিক্রি করা সম্ভব হবে না। এখন প্রতি কেজি খোলা চিনিতে খরচ পড়ছে ১১২ টাকা, বিক্রি করছি ১১৫ টাকায়।’ 

বর্তমানে দেশের বাজারে একটি সরকারি প্রতিষ্ঠান ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান চিনি সরবরাহ করছে। দেশে উৎপাদন করে বাজারে সরবরাহ করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। অপরিশোধিত চিনি আমদানি করে কারখানায় পরিশোধনের পর বাজারজাত করছে সিটি, এস আলম, দেশবন্ধু, মেঘনা ও আবদুল মোনেম লিমিটেড। সরাসরি পরিশোধিত চিনি আমদানি করে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান বছরে কমবেশি ২১ লাখ টন চিনি আমদানি করে। দেশে উৎপাদিত হয় প্রায় ২৫ হাজার টন। দেশের বাজারে চিনির চাহিদার প্রায় পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল।

চিনি সরবরাহকারী কম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এলসি জটিলতায় দীর্ঘদিন ধরে তারা চাহিদা অনুযায়ী চিনির আমদানি করতে পারছে না। গত অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে ২৫ জানুয়ারি) চিনি আমদানি হয়েছে ১১ লাখ ৬৩ হাজার টন। এবার একই সময়ে আমদানি আট লাখ ৭৩ হাজার টন। জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘চিনি খালাসের জটিলতা কেটে গেছে। এখন বাজারে চিনির সরবারাহ বাড়বে।’

রমজানের বাকি আর দেড় মাস : আর মাত্র দেড় মাস পরই আসছে রমজান। রমজান মাসে চিনির চাহিদা ব্যাপক হারে বাড়ে। এই সময়ে চিনির সরবরাহ না বাড়াতে পারলে বাজারে চিনির সংকট দেখা দিতে পারে।