ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় চলতি টুর্নামেন্টে আর মাঠের রেফারি হিসেবে দেখা যাবে না ফরাসি দুই ম্যাচ কর্মকর্তা ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও ক্লেমো তুরপ্যাঁকে। ফিফার স্বার্থের সংঘাত এড়ানোর নীতির কারণে তাদের দায়িত্ব শেষ হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কুইপ।

ফিফার নিয়ম অনুযায়ী, যে চারটি দেশ সেমিফাইনালে জায়গা করে নেয়, সেই দেশগুলোর কোনো রেফারি টুর্নামেন্টের বাকি ম্যাচ সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী কিংবা ফাইনাল পরিচালনা করতে পারেন না। একই কারণে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও বাকি ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।

তবে ফরাসি রেফারি জেরোম ব্রিজার্ড এখনো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। চলতি বিশ্বকাপে ভিএআর হিসেবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট ফিফা চাইলে শেষ দিকের ম্যাচগুলোতেও তাকে এই ভূমিকায় রাখতে পারে।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। ওই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুললেও ফিফা পরে সেই অভিযোগ গ্রহণ করেনি।