মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং এলাকার একটি আবাসিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে নথি যাচাইয়ের জন্য মোট ২৪৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় অভিবাসন অধিদপ্তরের উদ্যোগে এই সমন্বিত অভিযান চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান জানায়, মঙ্গলবার রাতে সুতেরামাস অ্যাপার্টমেন্টের দুইটি পাঁচতলা ব্লক জুড়ে জাতীয় নিবন্ধন বিভাগের সঙ্গে ‘অপারেশন সাসার’ নামে একটি যৌথ অভিযান চালানো হয়।
বুধবার (১২ আগস্ট) অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, যারা আটক হয়েছেন তাদের মধ্যে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের কয়েকজনের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্ড ছিল।
জাকারিয়া বলেন, আমরা প্রথমে কার্ডগুলো আসল কিনা তা যাচাই করতে পরীক্ষা চালাব। কিছু কালো তালিকাভুক্ত বিদেশি বৈধ সীমান্ত নিয়ন্ত্রণ এড়াতে অননুমোদিত পথে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ অব্যাহত রেখেছে। অভিযান চলাকালে বেশ কয়েকজন কাগজপত্রবিহীন অভিবাসী দেশে প্রবেশের জন্য ব্যবহৃত ফি এবং পথগুলো প্রকাশ করে।
মিয়ানমারের ৩৭ বছর বয়সী এক নারী জানান, তার পরিবার দুইটি পৃথক যাত্রায় লাংকাউই যাওয়ার জন্য একজন থাই মাঝিকে ৬ হাজার রিঙ্গিত দিয়েছিল। মিয়ানমারের ২৪ বছর বয়সী আরেক নারী জানান, তিনি সুঙ্গাই গোলক হয়ে অবৈধভাবে কেলান্তানে প্রবেশের জন্য একজন স্থানীয় স্থল পাচারকারীকে ৩ হাজার রিঙ্গিত দিয়েছিলেন।
জাকারিয়া জোর দিয়ে বলেছেন যে, জাতীয় অভিবাসন, পাসপোর্ট এবং মানব পাচার বিরোধী আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের গ্রেপ্তার, বিচার এবং নির্বাসনের জন্য আইন প্রয়োগকারী অভিযান পদ্ধতিগতভাবে অব্যাহত থাকবে।





