৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

ভোলার তজুমদ্দিনে নিখোঁজের প্রায় তিন মাস পার হলেও সন্ধান মেলেনি মো. আবুল খায়ের (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের। এতদিনেও তার কোনো হদিস না পেয়ে বাকরুদ্ধ স্বজনেরা। অন্যদিকে ছেলেকে বুকে ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন অশ্রুসজল মা।

নিখোঁজ আবুল খায়ের উপজেলার সোনাপুর ইউনিয়নের হাকিম উদ্দিন হাওলাদার বাড়ির মো. সালেম হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় তিন মাস আগে প্রতিদিনের মতোই সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আবুল খায়ের। এরপর আর তিনি ঘরে ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ নেওয়ার পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্বজনদের ভাষ্য, আবুল খায়ের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করেই তিনি এভাবে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ তিন মাস ধরে সন্তানকে না পেয়ে পরিবারটিতে নেমে এসেছে চরম বিষাদ ও অনিশ্চয়তা।

নিখোঁজ যুবকের কোনো সন্ধান বা তথ্য জানা থাকলে মানবিক খাতিরে অবিলম্বে ০১৮৬১০২৫৬৬৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার। একই সঙ্গে তাঁকে দ্রুত খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আহ্বান জানানো হয়েছে।