চার দিনের সফরে ফ্রান্স গেলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং চার দিনের সফরে ফ্রান্সে গেছেন। সফরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শীর্ষ বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়োনহাপ সংবাদ সংস্থা।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা নিরাপত্তা, অর্থনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, আসন্ন শীর্ষ বৈঠকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা এবং হরমুজ প্রণালীতে সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

গত এপ্রিলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দক্ষিণ কোরিয়া সফরের কয়েক মাস পর লি জে মিয়ংয়ের এই ফ্রান্স সফর অনুষ্ঠিত হচ্ছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।