রান্না না করে নাচের ক্লাসে যেতে চাওয়ায় সন্তানদের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

বাড়িতে ফিরেই দুই সন্তান ও নিজের জন্য খাবার তৈরি করতে বলেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী তখন নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানানোয় দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভির।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী অভিযুক্ত কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব (৩৮)।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। খাবার বানানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সন্তানদের চোখের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে প্রচণ্ড আঘাত করেন। হামলায় গুরুতর আহত যামিনী মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার প্রাথমিক পর্যায়ে এটিকে স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর সত্য বেরিয়ে আসে। প্রতিবেদনে নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, হাড় ভাঙা ও শ্বাসরোধের আলামত উদ্ধার করেন চিকিৎসকেরা।

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই কৃষ্ণ লালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নাগপুর পুলিশ। পরে হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।