হংকংকে কেন্দ্র করে চলবে চীনের দ্বিতীয় প্রমোদতরি

চীনের তৈরি দ্বিতীয় বড় প্রমোদতরি ‘অ্যাডোরা ফ্লোরা সিটি’ ২০২৭ সালে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে প্রধান বন্দর হিসেবে ব্যবহার করবে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাডোরা ক্রুজেস।

নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে জাহাজটি যাত্রা শুরু করে হংকং সফর করবে। ২০২৭ সালে এটি প্রায় ২০টি সমুদ্রযাত্রা পরিচালনা করবে। এ ছাড়া থাকবে তিনটি বিশেষ ভ্রমণ, যেখানে জাহাজটি সমুদ্রে চলবে। তবে, কোন বন্দরে থামবে না।

জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ মিটার এবং মোট ধারণক্ষমতা ১ লাখ ৪১ হাজার ৯০০ গ্রস টন। এতে ২ হাজার ১৩০টি কেবিন ও স্যুইট রয়েছে। পূর্ণ সক্ষমতায় একসঙ্গে ৫ হাজার ২৩২ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। চীনের প্রথম নিজস্ব বড় প্রমোদতরি ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’র তুলনায় নতুন জাহাজটিতে যাত্রীদের সুবিধা, স্থান ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তিতে উন্নয়ন আনা হয়েছে।

জাহাজটি আগামী ৬ নভেম্বর হস্তান্তরের কথা রয়েছে। এরপর দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরের নানশা আন্তর্জাতিক ক্রুজ বন্দর থেকে আন্তর্জাতিক রুটে চলাচল করবে।