ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দল রা’আম।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির প্রধান নেতা মনসুর আব্বাস এই অবস্থানের কথা জানান। এর মাধ্যমে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেওয়ার প্রধান বাধা দূর করল দলটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করলেও বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার একটি বিলে তাঁর দল কো-স্পন্সর করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে ওই বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে দলগতভাবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মনসুর আব্বাস আরও জানান, জোটে যোগ দেওয়ার জন্য গাদি আইজেনকোট যে চারটি শর্ত দিয়েছিলেন, রা’আম তার সবকটিই পূরণ করেছে। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব নাগরিকের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণে সমর্থন এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর মাত্র আট দিন সময় রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সরকার গঠন করতে চান।
সমীকরণ অনুযায়ী, নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি ও আরব রা’আম পার্টির আসন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করছেন আইজেনকোট। অন্যদিকে, আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ সরাসরি সরকারে যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন দিয়ে আইজেনকোটের সরকারের স্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে।
সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল





