স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর হামলা চালায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের অননুমোদিত দুটি ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানের একটি দল এ দুটি ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক খুঁজে পেয়েছে বলে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মাস্ককে আরও জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থলভিত্তিক অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তারা অবগত নয়।

ইউক্রেন ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের বিষয়টি নতুন করে নজরে এসেছে।

ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।

বিক্ষোভ ও অস্থিরতার সময় ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েছিল। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বর্তমান সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সূত্র : রয়টার্স