ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। অভিনেত্রী হিসেবে পর্দায় নিজের অভিনয় দেখতে আপত্তি নেই, কিন্তু নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তিতে পড়েন শবনম ফারিয়া! এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার সামনে এলে সেটি এড়িয়ে যান তিনি। সম্প্রতি নিজের এমন অদ্ভুত অভ্যাসের কথা জানিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, বিভিন্ন পেজ থেকে তাঁর সাক্ষাৎকার নিজের ফেসবুক পাতায় ভেসে উঠলে বেশ অস্বস্তি লাগে। তাই সেগুলো দেখতে না চেয়ে ‘ইন্টারেস্টেড নই’ অপশন ব্যবহার করে আড়াল করে দেন তিনি।
শুধু তা-ই নয়, নিজের সাক্ষাৎকার নিয়ে এমন অস্বস্তির কারণও জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, এ কারণেই কোনো পডকাস্টে যেতে চান না তিনি। কারণ, একবার কোনো পডকাস্টে অংশ নিলে পরবর্তী তিন মাস ধরে একই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ দেখতে হয়। বিষয়টি তার কাছে বেশ বিব্রতকর মনে হয়।
শবনমের এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে অভিনেত্রীর নিজের সাক্ষাৎকার দেখতে অস্বস্তি হলেও তাঁর ভক্তদের কাছে বিষয়টি একেবারেই উল্টো। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন, শবনমের কথা শুনতে তাঁদের ভালো লাগে। একজন লিখেছেন, ‘কি বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’
উল্লেখ্য, টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ছোটপর্দায় একের পর এক কাজ করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের স্বীকৃতি পান তিনি। এ সিনেমায় অভিনয়ের জন্য বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পীর সম্মান অর্জন করেন।





