‘আপনার জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দেব’

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, তা আরও একবার বুঝিয়ে দিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ছেলে আরহান খান। জন্মদিনে মায়ের ভালোবাসামাখা শুভেচ্ছার জবাবে আরহানের একটি মন্তব্য এখন নজর কেড়েছে নেটিজেনদের। মাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।’ ছেলের এমন আবেগঘন কথায় উঠে এসেছে মা-ছেলের গভীর ভালোবাসার সম্পর্ক।

৯ নভেম্বর ছিল আরহান খানের ২৪তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলের শৈশব থেকে বর্তমান সময়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মালাইকা। ছবির সেই আয়োজনের মধ্যে ছিল ছোটবেলার নানা মিষ্টি মুহূর্ত, সাম্প্রতিক সময়ের ছবি, জন্মদিনের কেক এবং মা-ছেলের একটি সুন্দর সেলফি।

ছবিগুলোর সঙ্গে ছেলের জন্য ভালোবাসাভরা বার্তাও দেন মালাইকা। তিনি লেখেন, ‘এমন কোনো পাহাড় নেই, যা পেরিয়ে যেতে পারব না। শুভ জন্মদিন, আমার ছোট্ট ছেলে। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

মায়ের সেই পোস্টে মন্তব্য করতে গিয়ে আবেগ প্রকাশ করেন আরহান। লেখেন, ‘মা, আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।’ ছেলের এই ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে নজর কেড়েছে।

শুধু মা নন, ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবা আরবাজ খানও। আরহানকে গালে চুমু খাওয়ার একটি ছবি প্রকাশ করে তিনি জানান, ২৪ বছর ধরে ছেলেকে ভালোবেসে আসছেন এবং তাকে নিয়ে ভীষণ গর্বিত। জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি আরহানকে বড় স্বপ্ন দেখতে, বিনয়ী থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন।

আরহানের বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন ফারাহ খান, সোফি চৌধুরী, ভাবনা পান্ডে, অমৃতা অরোরা, সীমা সাজদেহ, চাঙ্কি পান্ডে ও ডিনো মোরিয়া।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকা অরোরা ও আরবাজ খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। তবে সম্পর্কের সমাপ্তি ঘটলেও ছেলের প্রতি দায়িত্ব পালনে পিছিয়ে নেই কেউই। আলাদা থাকলেও যৌথভাবে আরহানের দেখভাল করছেন তারা।