বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বাঘের বাজার,মেম্বার বাড়ি, ভবানীপুর, ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের কয়েকটি কারখানা আজ সকালে ছুটি ঘোষণা করে। তবে ছুটি পেয়ে শ্রমিকরা বাড়ি ফিরে না গিয়ে সড়কে নেমে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়





