আইসিসির মাসসেরার দৌড়ে হাসারাঙ্গা-উইলিয়ামস-হেড

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুন মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস, শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড।

বুধবার (৫ জুলাই) এই তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন উইলিয়ামস। এর ফলেই জায়গা করে নিয়েছেন আইসিসির সেরার তালিকায়। তার দলের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হলেও গত জুনে ঠিকই তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার।

এদিকে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা মুকুট জয়ের অন্যতম নায়ক ছিলেন ট্র্যাভিস হেড। এই ম্যাচে ১৭৪ বলে ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এ ছাড়া চলমান অ্যাশেজ সিরিজে এজবাস্টনে অর্ধ-শতকও করেছেন অজি এই ব্যাটার।

অন্যদিকে ভিন্ন এক রেকর্ডে নাম লিখিয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। টানা তিন ম্যাচে তিনি শিকার করেছেন পাঁচটি করে উইকেট। তিন ম্যাচে তার ঝুলিতে পুরেছেন ১৬ উইকেট। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসের পর দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এই কীর্তি শুধুই তার। এমনকি লঙ্কানদের বিশ্বকাপ মঞ্চ নিশ্চিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।